| ২৭ March ২০২৬ Friday ৪:৪৮:৪০ PM | |
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে তীব্র জ্বালানি তেল সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে হচ্ছে শত শত গাড়ির চালককে। জরুরি প্রয়োজনে গাড়ি নিয়ে বের হয়েও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনেককে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোতে এমন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, পিরোজপুর জেলায় মোট পাঁচটি ফিলিং স্টেশন রয়েছে, যার সবগুলোর অবস্থাই প্রায় একই রকম। এর মধ্যে শহরের দুটি ফিলিং স্টেশনের একটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যটিতে তেল সরবরাহ করা হলেও তা দেয়া হচ্ছে একেবারে সীমিত পরিমাণে। প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ২০০ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না।
ফিলিং স্টেশনে অকটেন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকেরা। বলেশ্বর ফিলিং স্টেশনের ম্যানেজার শান্তনু বলেন, ‘আমরা ঝালকাঠি ডিপো থেকে তেল সংগ্রহ করি। সেখান থেকে বর্তমানে অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। আর পেট্রোল প্রতিদিন ৯ হাজার লিটার চাহিদা থাকলেও তারা দিচ্ছেন মাত্র তিন থেকে চার হাজার লিটার। তাই গ্রাহকদের তেল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
পাম্পে তেল নিতে আসা কামরুল শেখ নামের এক মোটরসাইকেল চালক বলেন, ‘পাম্পে তেল না থাকলেও স্থানীয় বাজারে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি করছেন কেউ কেউ।’
তিনি আরও জানান, পার্শ্ববর্তী বাগেরহাট জেলার কচুয়া এবং বাদাল এলাকার বেশ কিছু গাড়িচালক পিরোজপুরে তেল নিতে আসায় পাম্পগুলোতে গাড়ির সারি আরও দীর্ঘ হচ্ছে।
এদিকে তেলের এমন সংকটের মাঝে কালোবাজারি রোধ ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


