চাঁদপুরের ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (২৫ মার্চ ২০২৬) বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এরপর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও আত্মদানের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। তাদের অবদান চিরস্মরণীয় করে রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার আমাদের গর্ব ও অনুপ্রেরণার উৎস—রাষ্ট্র তাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান, ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার লে. তানবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মুঞ্জিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৬ মার্চ ২০২৬


