
ঢাকা, ২৬ মার্চ – ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি, যাতে তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান আছে। একবার চার্জশিট দেওয়া হয়েছিল, পরে সম্ভবত না রাজি দেওয়ার কারণে আবার তদন্ত করা হচ্ছে। এর মধ্যে ভারতে প্রথমে দুজন এবং পরে আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ‘তাদের দেশে ফেরাতে গ্রেফতারি পরোয়ানাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠিয়েছি, যাতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় আইন অনুযায়ী ওই আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’
পুলিশ সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের সংস্কারের জন্য আমরা বিশ্বের কয়েকটি উন্নত দেশের সঙ্গে কথা বলছি, যাতে মান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা যায়।
তিনি বলেন, আমরা সহায়তা চাইছি, যাকে অনেক সময় অ্যাডভাইজার সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট বলা হয়। প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ সব ক্ষেত্রে আমরা উন্নত দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পাব এবং তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হচ্ছে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬



