মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে পুড়ে দুইটি হতদরিদ্র পরিবারের বসতঘর ও মালামাল ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কান্ঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন—চিত্তরঞ্জন শীল ও লক্ষণ শীল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। পরে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর রহমানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চিত্তরঞ্জন শীলকে ৩ বান্ডেল ও লক্ষণ শীলকে ২ বান্ডেল দেওয়া হয়েছে।
এছাড়া মানবিক উদ্যোগে মেয়র পদপ্রার্থী ডা. আল আমিন উজ্জ্বল ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

