ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় অস্ট্রেলিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা – DesheBideshe

ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় অস্ট্রেলিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা – DesheBideshe

ইরানি নাগরিকদের পর্যটক ভিসায় অস্ট্রেলিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা – DesheBideshe

ক্যানবেরা, ২৫ মার্চ – ইরানি নাগরিকদের জন্য পর্যটক ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার ২৫ মার্চ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এই তথ্য নিশ্চিত করেছেন বলে সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, অস্থায়ী ভিসায় আসা ইরানি নাগরিকদের একটি অংশ নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে না যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এই আশঙ্কার ভিত্তিতেই সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং আগামী ছয় মাস পর্যন্ত এটি বলবৎ থাকবে।

তবে সব ইরানি নাগরিকের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা একইভাবে প্রযোজ্য হবে না। যাদের কাছে দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে অথবা যাদের স্বামী স্ত্রী কিংবা সন্তান অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তারা যথারীতি দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছেন টনি বার্ক।

তিনি আরও জানান, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার এই পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ হাজার ইরানি নাগরিকের কাছে দেশটিতে প্রবেশের জন্য ভিজিটর ভিসা রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ইরানের নারী ফুটবল দলের সাত সদস্যকে রাজনৈতিক আশ্রয় প্রদান করেছিল অস্ট্রেলিয়া। তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নেন।

এ এম/ ২৫ মার্চ ২০২৬



Explore More Districts