পার্বত্য জেলা বান্দরবানের লামায় ২৫ শে মার্চ ভয়াল কালরাত ও জাতীয় ‘গণহত্যা দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা তথ্য অফিসের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, লামা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। আজকের এই দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ায় সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লোমহর্ষক দিনগুলোর স্মৃতিচারণ করেন লামা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের জন্য মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

