
ম্যানিলা, ২৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে জ্বালানি সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়ায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জারি করা এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীলতার ওপর চরম ঝুঁকি তৈরি হয়েছে।
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ফিলিপাইন সরকার গভীরভাবে আশঙ্কা করছে যে, ইরানের সাথে চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ফিলিপাইন তাদের প্রয়োজনীয় জ্বালানির জন্য প্রায় সম্পূর্ণভাবে আমদানির ওপর নির্ভরশীল। ফলে মধ্যপ্রাচ্যের যেকোনো অস্থিতিশীলতা দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ব্যাপকভাবে ব্যাহত করতে পারে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতোমধ্যেই বড় ধরনের ধাক্কা লেগেছে। এর ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বজুড়ে তীব্র সরবরাহ সংকট দেখা দিচ্ছে।
এ এম/ ২৪ মার্চ ২০২৬



