| ২৩ March ২০২৬ Monday ৯:২১:২১ AM | |

সৈয়দ মো. রাসেল, কলাপাড়া.ঈদের দিন পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছিলো দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এখন বিরাজ করছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। তাই ঈদের দ্বিতীয় দিনের এমন মনোরম পরিবেশে হাজার হাজার পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা। গত শনিবার বিকাল থেকেই পর্যটকদের আনোগোনা বাড়তে শুরু করে।
সৈকতে অবস্থানরত পর্যটকরা অনেকে সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেক শিশু থেকে বয়স্ক পর্যটকরা বালু নিয়ে খেলায় মেতেছেন। কেউবা আবার প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। অনেকে আবার ওয়াটার বাইক, মোটরবাইক ও ঘোড়ায় চড়ে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।

এদিকে তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবন, গঙ্গামতি, চর গঙ্গামতি, লাল কাঁকড়া চর ও কাউয়ার চর সহ সকল পর্যটন স্পটেই এখন পর্যটকদের বাড়তি আনাগোনা রয়েছে। পুরো রমজান জুড়ে জনমানব শূন্য থাকা কুয়াকাটায় পর্যটকদের ভীড়ে উচ্ছসিত পর্যটন ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে এসব ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। আগতদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন পয়েন্টে ট্যুরিষ্ট পুরিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরান ঢাকার নিউ পল্টন আবাসিক এলাকা থেকে আগত পর্যটক সগির আহমদ বলেন, ঈদের দিন রাতে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। সকাল এসে পৌঁছেছি। এখানে দারুন এক আবহাওয়া বিরাজ করছে। গরমও কম শীতও কম৷ এখানের প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়েছে।
দিনাজপুর থেকে আসা পর্যটক সোলায়মান সুলতান বলেন, বন্ধুরা মিলে কুয়াকাটায় আসা। এখন সমুদ্রের জোয়ার চলছে। আমরা বন্ধুরা মিলে ছোট বড় ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটছি। হৈই হুলোরে মেতেছি। প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন দর্শনীয় স্পট আমাদের বিমোহিত করেছে। আমাদের এই ভ্রমণ চিরদিন মনে থাকবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক জয়ন্ত মন্ডল বলেন, পর্যটকদের সার্বক্ষনিক নিরাপত্তায় আমরা ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা তৎপরতা রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে আমাদের ট্যুরিষ্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া মাঠে নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনী মাঠে কাজ করছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

