হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে একজোট ২২ দেশ – DesheBideshe

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে একজোট ২২ দেশ – DesheBideshe

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে একজোট ২২ দেশ – DesheBideshe

তেহরান, ২১ মার্চ – কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। একই সঙ্গে এই জলপথে ইরানি অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে তারা।

শনিবার ২২টি দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।

এই উদ্যোগে শামিল হওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া উল্লেখযোগ্য। এছাড়া মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই জোটে যোগ দিয়েছে, তবে জোটের বেশিরভাগ দেশই ইউরোপের।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে তারা প্রস্তুত। যেসব দেশ এরই মধ্যে এই পরিকল্পনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, তাদের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

উপসাগরীয় অঞ্চলে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা এবং তেল গ্যাস স্থাপনার মতো বেসামরিক অবকাঠামোতে আক্রমণের কঠোর নিন্দা জানানো হয় এই বিবৃতিতে।

দেশগুলো অভিযোগ করে যে, ইরানি বাহিনী বর্তমানে হরমুজ প্রণালিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিতে ইরানের সাম্প্রতিক অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।

এনএন/ ২১ মার্চ ২০২৬



Explore More Districts