
ঢাকা, ২১ মার্চ – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। একই সঙ্গে এবারের ঈদের একটি আবেগী মুহূর্তও শেয়ার করেছেন এই তারকা।
ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন ঈদ মানেই আনন্দ খুশি খাওয়া দাওয়া এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। এবারের ঈদের দিন ঢাকায় আকাশ কিছুটা মেঘলা থাকলেও উৎসবের আমেজ কমেনি বলে উল্লেখ করেন তিনি।
অভিনেতা আরও জানান এবারের ঈদ তার কাছে একটু বেশি বিশেষ। প্রায় দুই বছর ধরে তিনি সনি লিভের জ্যাজ সিটি ওয়েব সিরিজে কাজ করেছেন। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে। দর্শকদের সিরিজটি দেখারও আহ্বান জানান তিনি। নিজের ঈদ উদ্যাপন নিয়ে শুভ জানান মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবি পরে তিনি মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। এরপর বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন বলে জানান।
বর্তমানে ক্যারিয়ারের চমৎকার সময় পার করছেন এই অভিনেতা। জ্যাজ সিটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছে।
গত ১৯ মার্চ সনি লিভে এটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
এনএন/ ২১ মার্চ ২০২৬




