
ঢাকা, ২০ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো ঈদের পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে।
জাতীয় ঈদগাহের প্রধান জামাতে মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এই জামাতে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান জামাতের জন্য হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ঈদ জামাত ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো কারণে ঈদগাহে জামাত আদায় সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং সকাল পৌনে ১১টায় মোট পাঁচটি জামাত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও সকাল ৮টায় জামাত হবে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ। এখানে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। পাশাপাশি আয়তনে দেশের সবচেয়ে বড় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত হবে সকাল ৯টায়। প্রায় ২২ একর আয়তনের এই মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। রাজধানী ছাড়াও দেশের অন্যান্য বিভাগীয় শহরে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় প্রথম ও প্রধান জামাত হবে। রাজশাহীতে হযরত শাহ মখদুম রূপোশ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে সকাল ৮টায়।
খুলনায় সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে খুলনা টাউন জামে মসজিদে জামাত স্থানান্তরিত হবে।
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে, যেখানে এবার প্রথমবারের মতো নারীদের নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।
রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায় এবং ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এনএন/ ২০ মার্চ ২০২৬


