| ১৯ March ২০২৬ Thursday ৯:১৪:৪৭ PM | |
পিরোজপুর প্রতিনিধি:

ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামে বাড়ি ফেরার পথে পিরোজপুরে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েছে একই পরিবারের পাঁচ সদস্য। ধারালো অস্ত্রের মুখে তাদের সর্বস্বান্ত করে পালিয়েছে ডাকাতরা। বাধা দিতে গিয়ে এক নারী জখম হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকার জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি ইজিবাইকে করে গ্রামের বাড়ি খাউল বুনিয়া যাচ্ছিল।
ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বীথি আক্তার জানান, ঈদের ছুটিতে তারা একই পরিবারের পাঁচজন ঢাকার নবীনগর থেকে কমফোর্ট লাইন গাড়িতে পিরোজপুর আসেন। টেক্সটাইল মিলের সামনে বাস থেকে নামার পর অন্য সদস্যরা ইজিবাইক নিয়ে তাদের রিসিভ করে। ইজিবাইকে রওনা দিলে জাঙ্গাইল বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে ৮ থেকে ১০ জন ডাকাত তাদের গাড়ি থামায়। তারা গলায় ধারালো অস্ত্র ধরে পরিবারের সবার কাছ থেকে সবকিছু হাতিয়ে নেয়।
বীথি আরও জানান, সবকিছু লুটের পর ভুক্তভোগীরা মুখ বাঁধা এক ডাকাতকে চেনার চেষ্টা করেন। তারা মুখ থেকে কাপড় সরাতে গেলে ডাকাতরা লিজা নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, শিকদার মল্লিক ইউনিয়নে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
