
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী জেলায় ১২টি জ্বালানি তেলের পাম্পের মধ্যে হাতে গোনা কয়েকটিতে তেল সরবরাহ থাকায় সীমিত পরিসরে বিক্রি কার্যক্রম চালানো হচ্ছে। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী অনেক ক্ষেত্রে জ্বালানি সরবরাহ সম্ভব হলেও সব পাম্পে সমানভাবে তেল না থাকায় কিছুটা ভোগান্তি রয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) সরেজমিনে দেখাযায়, যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেসব পাম্প থেকে মোটরবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস ও মোটর লড়িগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারছে। তবে মোটরবাইকের ক্ষেত্রে অকটেন ও পেট্রোল বিক্রিতে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে—প্রতি বাইকে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।
অন্যদিকে বাস, মোটর লড়ি ও প্রাইভেটকারসহ ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য বিষয় হলো, তেলের কোনো অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে না; সরকার নির্ধারিত দামেই বিক্রি করা হচ্ছে।
তবে এখনো জেলার বেশ কয়েকটি পাম্পে জ্বালানি তেল সরবরাহ না থাকায় সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে করে চালকদের অনেক ক্ষেত্রে দূরের পাম্পে গিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে এ সংকট কাটবে এবং সকল পাম্পে নিয়মিত কার্যক্রম চালু হবে।
