| ১৭ March ২০২৬ Tuesday ৮:৫১:৪৯ PM | |

সাগর চন্দ্র শীল,দুমকি উপজেলা প্রতিনিধি: ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, “এবারের ঈদে নির্ধারিত ভাড়া থেকে এক টাকাও বেশি নেওয়া হবে না। বরং কিছু ক্ষেত্রে ২০ থেকে ৩০ টাকা কম ভাড়া নেওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে।”
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টায় দুমকি উপজেলার রাজাখালী এলাকায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, যদি যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ করেন, তবে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী এও দাবি করেন, এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক এবং সড়কে যানজট ছাড়াই নির্বিঘ্নে চলাচল করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন।
নলুয়া-বাহেরচর সেতুটি নির্মাণ হবে বরিশাল (দিনারেরপুল)–লক্ষীপাশা–দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে, পাণ্ডব ও পায়রা নদীর উপর।
১৩৮০ মিটার দীর্ঘ এই সেতুর প্রকল্প ২০২১ সালের জুনে একনেকে অনুমোদন পেয়েছে এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১,০২৩.৫০ কোটি টাকা ।
সেতুটি নির্মাণ করবে চীনের চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন , যা পরিচালনা করবে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সেতু নির্মাণ সম্পন্ন হলে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


