
নয়া দিল্লি, ১৬ মার্চ – আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে ভারতের নিন্দার কড়া জবাব দিয়েছে পাকিস্তান। ভারতের এই অবস্থানকে লজ্জাজনক ভণ্ডামি বলে আখ্যায়িত করেছে ইসলামাবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানান। এই মন্তব্যের পর দ্রুত প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি ভারতের বিরুদ্ধে আফগান মাটিতে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ আনেন।
তিনি উল্লেখ করেন, আফগানিস্তানে ভারতের সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাওয়ায় তাদের এই হতাশা বোধগম্য। কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় ইসলামাবাদ এবং কাবুলের ভেতরে সামরিক ও অন্যান্য স্থাপনায় হামলা চালায়। বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকটের কারণে এই সংঘর্ষ আন্তর্জাতিক মহলে কম মনোযোগ পেলেও, এর ফলে দক্ষিণ এশিয়া অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। কারণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো বড় শক্তিগুলোর ব্যাপক ভূরাজনৈতিক স্বার্থ জড়িত রয়েছে।
বিশ্লেষকদের মতে, কাবুলের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার কারণেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতি ঘটছে। ইসলামাবাদ অনেক আগে থেকেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানি ও আফগান তালেবানদের মদদ দেওয়ার অভিযোগ করে আসছে, যদিও নয়াদিল্লি তা বরাবরই অস্বীকার করেছে। একই সময়ে পাকিস্তান এড়িয়ে নতুন বাণিজ্যপথ চালুর বিষয়েও ভারত ও আফগানিস্তান আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণ হয়েছে। পাকিস্তান জানিয়েছে, তারা বেশ কয়েকটি শহরের কাছে আফগান তালেবানের ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে আফগানিস্তানের দাবি, পাকিস্তান তাদের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে বেআইনিভাবে হামলা চালিয়েছে।
এস এম/ ১৬ মার্চ ২০২৬




