সিলেট নগরীতে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৫ মার্চ) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী সাত কার্যদিবসের মধ্যে আসামিদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাসুদ আহমেদ আদালতে রিমান্ডের আবেদন করেন।
গত রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল নগরীর তাঁতীপাড়া এলাকার ‘নাজমা নিবাস’ নামের একটি বাসায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা এলাকার প্রবাসী জাহিদ আহমদ (৪২) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় তাঁতীপাড়া পয়েন্ট এলাকা থেকে সুহেল সরকার (২২) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দিলে তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। অভিযানের সময় আরেক ভুক্তভোগী প্রবাসী জাহিদ আহমদকে উদ্ধার করা হয়।
পুলিশ অভিযানে আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনার সময় ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রড উদ্ধার করেছে।
এদিকে, অপহরণ মামলায় গ্রেফতার ফারদিন আহমদের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সিলেট মহানগর বিএনপির ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি জানান, পারিবারিক ঘটনার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক তা তিনি চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

