মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর তীর ও তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাসহ ৮ জন মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তারা পৃথকভাবে এসব মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন— ভাতগ্রাম ইউনিয়নের বাজে চুয়াত্তর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের সারোয়ার হোসেন ও মনির হোসেন, ছলিমনগর গ্রামের সৈয়দ মাহমুদ জুবায়ের সুপ্রিম ও সৈয়দ জুয়েল এবং থলপাড়া গ্রামের জলিল, মামুন ও সজল।
জানা যায়, অভিযুক্তরা উপজেলার বিভিন্ন এলাকায় দুই ও তিন ফসলি জমি ও নদীর তীর থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এতে এলাকার কৃষিজমি ও সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। বারবার সতর্ক করার পরও মাটি কাটা বন্ধ না করায় আজগানা, গোড়াই, ভাতগ্রাম ও ফতেপুর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তারা বাদী হয়ে মির্জাপুর থানায় পৃথক মামলা দায়ের করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া বলেন, “আমি জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে মাটি কেটেছি। তারপরও আমার নামে মামলা দেওয়া হয়েছে। আমি আইনিভাবে এই মামলা মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছি।”
আজগানা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


