দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য নতুন একটি প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে এই টুর্নামেন্ট আগামী ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেওয়া ক্রিকেটাররা। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে, যেখানে প্রায় ১১২ জন নারী ক্রিকেটার খেলার সুযোগ পাবেন।
বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড় পুরো প্রতিযোগিতার জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। পাশাপাশি চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচ এবং বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে।
এদিকে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (নারী বিপিএল)। তবে টুর্নামেন্টটির সূচি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ১০ জুলাই শহীদ চান্দু স্টেডিয়াম-এ নারী বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হবে। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।



