স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের যাত্রায় ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে ফুটপাতের হকারদের সতর্ক করলেন গাজীপুর ২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকালে টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট,গাজীপুরা এলাকায় উচ্ছেদ উপস্থিত হয়ে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

এ সময় এমপি এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে এখন থেকে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে যা ঈদ পর্যন্ত চলবে। এবং পরবর্তীতেও মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট করা যাবে না। বর্তমান সরকার এই বিষয়গুলোকে একটি শৃঙ্খলার ভেতর আনতে কাজ করে যাচ্ছে। হকারদের পুনর্বাসনের স্থান খোঁজা হচ্ছে অল্প সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, মহাসড়ক থেকে ফুটপাত উচ্ছেদ না করলে যানজটমুক্ত করা যাবে না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়কের সব প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।



