
ঢাকা, ১৪ মার্চ – দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে তিনি অডিও ক্যারিয়ার শুরু করেছিলেন, আসন্ন ঈদে সেই একই ব্যানার থেকেই তার নতুন গান প্রকাশ পেতে যাচ্ছে। গানটির শিরোনাম রাখা হয়েছে ‘ভুল’। ইতিমধ্যে এই গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। এই গানের মাধ্যমে বেশ অনেকটা সময় পর রেকর্ডিং স্টুডিওতে ফিরলেন এই তারকা শিল্পী।
জানা গেছে, ঈদে সাউন্ডটেকের ব্যানারে মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ করা হবে। ভিডিওটির নির্দেশনার দায়িত্বে রয়েছেন সৈকত রেজা। নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর জানান, এই গানটির রেকর্ডিংয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর নতুন গানে ফিরলেন তিনি। গানটির কথা, সুর ও সংগীতায়োজন সব মিলিয়ে তার মনের মতো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার প্রত্যাশা, প্রকাশের পর গানটি শ্রোতাদের ভালো লাগবে।
অন্যদিকে গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন জানান, অনেক দিন পর আসিফ আকবরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। মনের মতো কথা দিয়ে একটি গান তৈরির ইচ্ছে তার পূরণ হয়েছে। আসিফ নিজেও গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে আসিফ আকবরের ‘ভুল’ গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।
এস এম/ ১৪ মার্চ ২০২৬




