
ঢাকা, ১৩ মার্চ – মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার হুসাইন তালাত। একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে তিনি এই আঘাত পান। চোট গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হুসাইন তালাতের কাঁধে আঘাত লাগে। মাঠেই দলের মেডিকেল স্টাফরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের চূড়ান্ত প্রতিবেদনের পর তার চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি পাকিস্তান। আট উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান। দলের হয়ে মাজ সাদাকাত ও সালমান আলি আগা অর্ধশতক হাঁকান এবং মোহাম্মদ রিজওয়ান ক্যামিও ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিন উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয়েছে স্বাগতিক দল।
এনএন/ ১৩ মার্চ ২০২৬



