
ওয়াশিংটন, ১২ মার্চ – মার্কিন নৌবাহিনীর বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ। তবে এই আগুন কোনো ধরনের হামলা বা যুদ্ধজনিত কারণে লাগেনি বলে নিশ্চিত করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে জাহাজটির প্রধান লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশে প্রথম আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় রণতরীর ইঞ্জিন বা চালনাব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং আহত দুই নাবিকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে অগ্নিকাণ্ডের পরও বিমানবাহী এই রণতরীটি সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে।
উল্লেখ্য যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ কার্যক্রমে অংশ নিতে এটি বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে রণতরীটির টয়লেট ব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দিয়েছে। ৬৫০টি টয়লেটের বর্জ্য অপসারণে ব্যবহৃত ভ্যাকুয়াম সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিনের মোতায়েনের কারণে রণতরীটির নাবিকরা মানসিক চাপের মধ্যে রয়েছেন।
এনএন/ ১২ মার্চ ২০২৬



