মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান ও একমাত্র ছেলে রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল উদ্দিন একটি প্রাইভেটকারে করে অর্থনৈতিক অঞ্চল সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর তিনি দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে আটকে ছিলেন।
পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গাড়ি থেকে উদ্ধার করেন। উদ্ধার করে প্রথমে তাকে মীরসরাইয়ের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন বলেন, আহত অবস্থায় কামাল উদ্দিনকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কেউ সরাসরি দেখেননি। গাড়িতে তিনি একাই ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

