শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রবাসীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রবাসীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

১০ March ২০২৬ Tuesday ১০:০৮:৫৩ PM

Print this E-mail this


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রবাসীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাইতে গিয়ে রুবেল খলিফা (৩৫) নামের এক দুবাই প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, পাওনা ৪০ লাখ টাকা আত্মসাৎ করতেই তাকে পরিকল্পিতভাবে বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করেছেন তার শ্বশুর ইউনুস হাওলাদার।

সোমবার (৮ মার্চ) দুপুরে বরগুনা জেলার বেতাগী থানার লক্ষ্মীপুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহিত রুবেল খলিফা মঠবাড়িয়া উপজেলার পাটাকাটা গ্রামের মৃত মনতাজ খলিফার ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সুরতহাল প্রতিবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল খলিফা গত ২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিকে দুবাই থেকে দেশে ফেরেন। দেশে আসার পর থেকেই তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। ৮ মার্চ শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় তিনি বাথরুমে গিয়ে ‘গ্যাসের ট্যাবলেট’ (বিষাক্ত কীটনাশক) খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

নিহতের বড় বোন নাজমা সুলতানা এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার ভাই তার শ্বশুরের কাছে প্রায় ৪০ লক্ষ টাকা পেত। সেই টাকা চাইতে গিয়েই সে লাশ হয়ে ফিরল। আমার ভাইকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে মারা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। পারিবারিক কবরস্থানে দাফন শেষে আমরা মামলা দায়ের করব।’

অন্যদিকে, নিহতের স্ত্রী সানিয়া আক্তার তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে তার বাবাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে যাতে বিবাদী পক্ষ কোনো অনৈতিক সুবিধা নিতে পারে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানেন না। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts