সন্ত্রাসী জীবন ও প্রেমের গল্প নিয়ে ঈদের নাটক ‘লেলিন’ – DesheBideshe

সন্ত্রাসী জীবন ও প্রেমের গল্প নিয়ে ঈদের নাটক ‘লেলিন’ – DesheBideshe

সন্ত্রাসী জীবন ও প্রেমের গল্প নিয়ে ঈদের নাটক ‘লেলিন’ – DesheBideshe

বরিশাল, ১১ মার্চ – সন্ত্রাসী জীবন, প্রেম, প্রতিশোধ এবং এক করুণ পরিণতির গল্প নিয়ে এবারের ঈদে পর্দায় আসছে নতুন নাটক ‘লেলিন’। মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজনে নাটকটি সম্প্রচারিত হবে। গল্পের কেন্দ্রীয় চরিত্র লেলিন বরিশালের একটি স্থানীয় সন্ত্রাসী দলের নেতা। তার জীবনের প্রধান দুটি লক্ষ্য হলো রাতারাতি ধনী হওয়া এবং প্রেমিকা আঁখিকে বিয়ে করা। অল্প সময়ে ক্ষমতা ও অর্থের লোভে লেলিন বেছে নেয় অপরাধের জগৎ। সাইফুল, বিটলা, রুস্তম ও আদিলকে নিয়ে গড়ে তোলা তার সন্ত্রাসী বাহিনী এলাকায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে।

এর ফলে প্রতিনিয়ত হানাহানি ও অস্থিরতা বাড়তে থাকে। প্রেমিকা আঁখি বারবার চেষ্টা করে লেলিনকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ লেলিন কারো কথাই শোনে না। পরিস্থিতি আরো জটিল হয় যখন লেলিনের বাবা সামাদ মাঝি খুন হন। প্রতিশোধের নেশায় বেপরোয়া হয়ে ওঠে সে এবং প্রতিপক্ষের কয়েকজনকে হত্যা করে। এরপরই তাকে ধরতে পুলিশ মাঠে নামে। অন্যদিকে পরিবারের চাপে আঁখির বিয়ের আয়োজন চলতে থাকে। গায়ে হলুদের দিন ব্যালকনিতে দাঁড়িয়ে আঁখি অপেক্ষায় থাকে লেলিনের।

লেলিন তাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তার কোনো খোঁজ মেলে না। পুলিশের তাড়া খেয়ে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় লেলিন। এভাবেই অপরাধ, ভালোবাসা ও পরিণতির এক টানটান উত্তেজনার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। নাটকে লেলিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এবং আঁখির চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

এস এম/ ১১ মার্চ ২০২৬



Explore More Districts