
ঢাকা, ৯ মার্চ – ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে ফয়সাল ও আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এবং এই সময় এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পর আসামিরা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেছিল। সম্প্রতি ডিজিএফআইয়ের নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফরের সময় আসামিদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে চাপ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।
এছাড়া ভারতে বসে যারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালানোর আশ্বাস দিয়েছে ভারত।
বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
এনএন/ ৯ মার্চ ২০২৬




