কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক সেই মাহমুদা খাতুনের বিরুদ্ধে আবারো অভিযোগ দেয়া হয়েছে কোতয়ালি থানায়। এবার মাহমুদা ও তার ছেলে মাহিন জামানের বিরুদ্ধে স্বল্প সুদে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছেন ঘোপ সেন্ট্রাল রোডের বাবু গাজীর স্ত্রী দিপু খাতুন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দিপু খাতুনের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্রে বসুন্দিয়া মোড় এলাকার বাসিন্দা মাহমুদা জামান ও তার ছেলে মাহিনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। একসময় মাহমুদা জামান নিজেকে একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিয়ে স্বল্প মুনাফায় বড় অংকের লোন দেওয়ার প্রস্তাব দেন।
তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠান থেকে মাত্র ২ শতাংশ মুনাফায় ১০ থেকে ১২ বছরের মেয়াদে বড় অংকের লোন দেওয়া সম্ভব। এ প্রলোভনে পড়ে দিপু খাতুনসহ একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাগজপত্র, ভোটার আইডি কার্ড, ব্যাংক হিসাবের তথ্য এবং একাধিক ফঁাকা চেক সংগ্রহ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৪ নভেম্বর থেকে ২০২৫ সালের ১০ মে পর্যন্ত বিভিন্ন সময়ে দিপু খাতুন ও অন্যদের কাছ থেকে মোট প্রায় ৭০ লাখ টাকা নেওয়া হয়। বিনিময়ে কারও ৫ লাখ এবং কারও ১০ লাখ টাকা করে লোন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে টাকা নেওয়ার এক মাসের মধ্যে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন পার হলেও কোনো লোন দেওয়া হয়নি।
এদিকে গত ৭ মার্চ যশোর শহরের দড়াটানা মোড়ে অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইতে গেলে মাহমুদা জামানের নির্দেশে তার ছেলে মাহিন দিল খাতুনকে মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা লোন দেওয়ার নামে শতাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি ফারুক আহমেদ

