মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বরিশালের উজিরপুরের মেজর এম এ জলিল

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বরিশালের উজিরপুরের মেজর এম এ জলিল

৬ March ২০২৬ Friday ১১:৫২:৫৮ PM

Print this E-mail this


মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বরিশালের উজিরপুরের মেজর এম এ জলিল

সৈয়দ মুন্নাঃ মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব, মেধা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বরিশালের উজিরপুর উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আব্দুল জলিল (এম এ জলিল)-কে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার–২০২৬ প্রদান করা হচ্ছে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে দক্ষিণাঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি তিনি বরিশাল জেলার উজিরপুরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ আব্দুল জলিল। তবে তিনি মেজর এম এ জলিল নামেই পরিচিত। তাঁর পিতা জোনাব আলী চৌধুরী ও মা রাবেয়া খাতুন। তার জন্মের তিন মাস আগেই তার পিতা জোনাব আলী মৃত্যুবরণ করেন। দেশের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবেই এম এ জলিলের রয়েছে ব্যাপক পরিচিতি। এর বাইরেও তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা। এম এ জলিলের শৈশব ও কৈশোর কাটে উজিরপুরে।

তিনি উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে ১৯৫৯ সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাস করেন। এরপর ফিশারিজ ডিপার্টমেন্টে কিছুদিন চাকরি করেন। কিছুদিন পর চাকরি ছেড়ে পড়াশুনা করতে পশ্চিম পাকিস্তানে যান তিনি। ১৯৬১ সালে সেখানকার মারি ইয়ং ক্যাডেট ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পাশাপাশি গ্রহণ করেন সামরিক শিক্ষা। এরপরই আব্দুল জলিল ১৯৬২ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে ট্রেনি অফিসার হিসেবে যোগদান করেন। সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় তিনি বি.এ. পাস করেন। ১৯৬৫ সালে তিনি কমিশন প্রাপ্ত হন এবং ১২নং ট্যাঙ্ক ক্যাভারলি রেজিমেন্টের অফিসার হিসেবে তত্কালীন পাক-ভারত যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে যুদ্ধবিরতির পর পাকিস্তান একাডেমি থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। পরে মুলতানে কর্মরত থাকাকালে তিনি ইতিহাসে এম. এ. ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে তিনি মেজর পদে উন্নীত হন।

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুর হলে তিনি ১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি মায়ের অসুস্থতার জন্য এক মাসের ছুটি নিয়ে বরিশালে আসেন এবং মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন। ইতিপূর্বে কুষ্টিয়ার মেহেরপুরের ভবেরপাড়ার আম্রকাননে মুজিব নগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এম এ জি ওসমানী। মুক্তিযুদ্ধের হাইকমান্ড থেকে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে বৃহত্তর বরিশাল, খুলনা, ফরিদপুরের একাংশ, পটুয়াখালী-বরগুনাসহ ৯নং সেক্টরের অন্তর্ভুক্ত করে মেজর জলিলকে ওই সেক্টরের কমান্ডার হিসেবে ঘোষণা করা হয়। এই সেক্টরের হেডকোয়ার্টার স্থাপিত হয় টরকির হাসনাবাদে। হিঙ্গলগঞ্জে ক্যাপ্টেন হুদার নেতৃত্বে সেক্টর অপারেশন ক্যাম্প এবং শমসের নগরে একটা নজরদারি ক্যাম্প স্থাপন করা হয়। এরপরই শুরু হয় পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ। ১৮ এপ্রিলের পর মুক্তিযোদ্ধাদের নিয়ে মেজর জলিল একটি বড় বাহিনী গড়ে তোলেন।

৯ নং সেক্টরে আরো এক সৈনিকের নাম ছিল ‘বিপ্লবী বাংলাদেশ’। সাপ্তাহিক এ পত্রিকাটি ৯নং সেক্টরের কলম সৈনিক হিসেবে ব্যবহৃত হতো। এর প্রথম প্রকাশ ৪ আগস্ট ১৯৭১। সম্পাদক নুরুল আলম ফরিদ। ৯নং সেক্টর হেড কোয়ার্টারের আনুকূল্যে ও সহায়তায় বসিরহাটের হাসনাবাদ থেকে সাপ্তাহিক পত্রিকা হিসেবে এটি নিয়মিত প্রকাশিত হয়। পত্রিকাটি মুজিবনগর হেড কোয়ার্টার, ৯নং সেক্টরের মুক্ত এলাকাসহ সেক্টরভূক্ত সকল ক্যাম্প ও স্থাপনায় অবস্থানরত মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী মানুষগুলোর জন্য একটা প্রেরণার উত্স ছিল। মুক্তিযুদ্ধকালে পশ্চিমবঙ্গে অবস্থানরত সকল এমএনএ ও এমসিএসহ সকল স্তরের জনগণ এ পত্রিকার পাঠক ছিলেন। শত আর্থিক অসুবিধার মধ্যেও ফরিদসহ সংশ্লিষ্ট সাংবাদিকগণ বহু শ্রম ব্যয়ে মুক্তিযুদ্ধের কলমসৈনিক হিসেবে ৯নং সেক্টরের মুখপত্র ‘বিপ্লবী বাংলাদেশ’ নিয়মিত প্রকাশ করেছেন। ১৬ ডিসেম্বর ১৯৭১ তারিখ থেকে ‘বিপ্লবী বাংলাদেশ’ বরিশাল থেকে প্রথমে সাপ্তাহিক হিসেবে এবং পরে ১৯৯৬ সালে এটি দৈনিক হিসেবে প্রকাশিত হয়। ‘বিপ্লবী বাংলাদেশ’ তখন একটি সাব সেক্টরের মতো ভূমিকা পালন করে।

আতাউল গণী ওসমানী জলিলের গেরিলা ওয়ারফেয়ার পদ্ধতির ওপর নাখোশ ছিলেন, তবে পদ্ধতিটির সাফল্য, ভারতীয় সেনাসদরের আনুকুল্য ও সংবাদ মাধ্যমে প্রচারণার কারণেই সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না। তারপরও একদিন কলকাতার ৮ নং থিয়েটার রোডে মুক্তিযুদ্ধকালে প্রবাসী মুজিবনগর সরকারের সদর দপ্তরে ডেকে পাঠানো হয় জলিলকে। তার সঙ্গী ছিলেন মোস্তফা এবং সেক্টর এডজুটেন্ট ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক। ওসমানী জলিলকে সরাসরি নির্দেশ দেন ইনডাকশন বাদ দিয়ে রেগুলার রেজিমেন্টেড পদ্ধতিতে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের। জলিল তার সিদ্ধান্তে অটল রইলেন এবং ভারতীয় সেনা সদরের মাধ্যমে এ ব্যাপারে ওসমানীর প্রভাবমুক্ত থাকলেন। জলিলের যুদ্ধপদ্ধতি নিয়ে ওসমানী প্রকাশ্যে ক্ষোভ দেখান পারুলিয়া ব্রিজ ধ্বংসের পর। মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা পারুলিয়া ব্রিজ পরিদর্শনে এসে এটি ধ্বংস করা উচিত হয়নি বলে মত দেন তিনি, আর এজন্য সবার সামনেই দূর্ব্যবহার করেন মেজর জলিল, সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হুদা এবং অপারেশনটির দায়িত্বে থাকা ক্যাপ্টেন বেগের সঙ্গে। জলিলের কোনো যুক্তিই মানতে অস্বীকার করলেন ওসমানী।কারণ ওসমানী জানতেন জেনেভা কনভেনশন বিরোধীতা করলে বাংলাদেশের স্বাধীনতা ব্যহত হবে। আন্তর্জাতিক স্বীকৃত সম্পন্ন সেনার হাতে স্যারেন্ডার করাতে না পারলে ও বাংলাদেশের স্বাধীনতা ব্যহত হবে এসব জানা সত্তেও মেজর জলিলের ভারত বিরোধীতা ছিল বিধায় মেজর জলিলের উপর নাখোশ ছিলেন আন্তর্জাতিক স্বীকৃতি তখনো পায়নি এমন একটি দেশ বাংলাদেশের সেনাপতি জেনারোল এজি এম ওসমানী।

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে হঠাৎ ওসমানী নির্দেশ দিলেন পাকিস্তান থেকে পালিয়ে আসা মেজর জয়নুল আবেদীনকে নয় নম্বর সেক্টরে সহঅধিনায়ক করা হয়েছে, তার সঙ্গে যেন জলিল দায়িত্ব ভাগাভাগি করে নেন। ডিসেম্বরের শুরুতে এলো নতুন ফরমান। মঞ্জুর একই সঙ্গে ৮ ও ৯ নম্বর সেক্টর সুপারভাইজ করবেন যশোরের হেডকোয়ার্টার থেকে। কিন্তু যুদ্ধ তখন শেষ পর্যায়ে, ভারতীয় বাহিনী প্রকাশ্যেই লড়াইয়ে নেমেছে। খুলনা মুক্ত করার অভিযানে জয়নুল আবেদীনকে গল্লামারিমুখী মুক্তিযোদ্ধাদের কমান্ডার করে পাঠানো হয়। অন্যদিকে মঞ্জুর তার একমাত্র সুপারভাইজেশনটি চালান সদ্যমুক্ত কালীগঞ্জের উকসা বিওপি ঘুরে দেখে। নয় নম্বর সেক্টরে তার দ্বিতীয়বার আগমনটিই জলিলের গ্রেপ্তারে মূখ্য ভূমিকা রাখে। খুলনা পতনের পর সার্কিট হাউজে অস্থায়ী সদর দপ্তর করে নয় নম্বর সেক্টর, আর এর অধীনস্থ মুক্তিযোদ্ধারা থাকার জন্য বেছে নেন খুলনা শহীদ হাদিস পার্কের উত্তরে খান এ সবুরের প্রতিষ্ঠিত ইউনাইটেড ক্লাবে। ১৯ ডিসেম্বর মঞ্জুর খুলনা আসেন এবং সার্কিট হাউজে ঢুকে জলিলকে খবর পাঠান। সেই সময় কিছু বিদেশী সংবাদ মাধ্যমে সাক্ষাতকার দিচ্ছিলেন তিনি। তাকে অপেক্ষায় রাখার এই ধরণটা পছন্দ হয়নি মঞ্জুরের, বরং ব্যক্তিগত অপমান হিসেবে নেন তিনি। যাওয়ার আগে বলে যান- ওকে এজন্য উচিত শিক্ষা দেওয়া হবে। কদিন পর জলিল বরিশাল গেলেন, সেখানে হেমায়েতউদ্দিন মাঠে তাকে গণসংবর্ধনা দেয়া হলো। যাওয়ার আগে ক্যাপ্টেন নুরুল হুদাকে ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়ে যান। ফিরে এসে শুনলেন জয়নুল আবেদীন জলিলের পরিবর্তে সেক্টর কমান্ডার হিসেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং মঞ্জুর এসে এই দায়িত্বের পক্ষে তার সিদ্ধান্ত জানিয়ে গেছেন।

৯ নং সেক্টরের স্টাফ অফিসার ওবায়দুর রহমান মোস্তফা ” মুক্তিযুদ্ধের নবম সেক্টর ও আমার যুদ্ধকথা” ভাস্কর প্রকাশনী, প্রকাশ ৩১ অক্টোবর ২০০৭ এই বইতে লেখেন যে, “মোস্তফা জানাচ্ছেন বরিশালের বাসিন্দা ও ৮ নম্বর সেক্টরের সহঅধিনায়ক মেজর কেএন হুদা (‘৭৫এর ৭ নভেম্বর নিহত) পূর্ব পরিচয়ের সূত্রে তাদের আশ্বস্ত করেন জলিল ছাড়া বাকিদের আটকাদেশ সাময়িক। আর জলিলের বিরুদ্ধে সেনাবিধি অনুসারে হাইকমান্ডের নির্দেশ অমান্য, বিদ্রোহ এবং খুলনা পতনের পর লুটতরাজ পরিচালনার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে তার বিভিন্ন বিরোধীতামূলক বক্তব্য ও পদক্ষেপের অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ কোর্ট মার্শালে বিচার করা হবে। একটটি ভিন্ন সূত্রে একটি উল্লেখ পাওয়া যায় যে আত্মসমর্পনের পর পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্রশস্ত্রের ব্যাপারে জলিল অবস্থান নেন এই বলে যে জেনারেল ওসমানীর নির্দেশ না পাওয়া পর্যন্ত এসব অস্ত্র যেভাবে আছে সেভাবেই থাকবে। ঘটনায় ফেরা যাক। এরপর একজন ম্যাজিস্ট্রেট আসেন বন্দীদের সঙ্গে পাওয়া জিনিসপত্রের সিজার লিস্ট করতে। সবার ব্যাগেই কাপড় ও গুলি ছাড়া কিছু পাওয়া যায়নি। এরপর আসে জলিলের ব্যাগ খোলার পালা। তার অনুপস্থিতিতে এই ব্যাগ খোলার ব্যাপারে তীব্র প্রতিবাদের পরও সেনাসদস্যদের উপস্থিতিতে তালা ভাঙা হয়। ম্যাজিস্ট্রেট ব্যাগের ওজন সন্দেহজনক বলে রায় দেন তার আগে। খোলার পর এতে পাওয়া যায় বিখ্যাত সমরনায়কদের লেখা গেরিলা যুদ্ধের মোটা মোটা সব বই, যা কলকাতা থেকে ফেরার পথে বিভিন্ন বুকস্টল থেকে কিনে আনতেন জলিল। হতভম্ব ম্যাজিস্ট্রেট এরপর স্টাফ অফিসার মোস্তফাকে জানান, তাকে বলা হয়েছিলো মেজর জলিল ও তাদের সঙ্গীরা খুলনা থেকে লুট করা ব্যাগ ভর্তি সোনাদানা, অলঙ্কার ও টাকা পয়সা নিয়ে ঢাকা যাওয়ার পথ তাদের গ্রেফতার করা হয়েছে!

এর মধ্যে খবর আসে জয়নুল আবেদীন সদর দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন। আর নয় নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা যশোর আক্রমণ করে তাদের কমান্ডারকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। সদ্য স্বাধীন দেশে দুটো সেক্টরের মধ্যে সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধটি চিরকুটের মাধ্যমে ঠেকানো হয়। এর মধ্যে দেশে ফিরলেন বঙ্গবন্ধু। তার আগমনী সরাসরি সম্প্রচারিত হয় রেডিওতে। ওসমানীর নেতৃত্বাধীন সব সেক্টর কমান্ডারের নাম উল্লেখিত হয়, জলিলের জায়গায় নেওয়া হয় জয়নুল আবেদীনের নাম। ১৭ দিনের বন্দীদশা শেষে অবশেষে জলিলের সঙ্গীদের মুক্তি দেওয়া হয়। মঞ্জুরের সাক্ষর করা এক চিঠিতে সবাইকে দুই সপ্তাহের ছুটি দিয়ে অফিসারদের আবার চাকুরিতে যোগ দিতে বলা হয়। মেজর জলিলকে ইতিমধ্যে স্থানান্তর করা হয় ঢাকা রেসকোর্সের আর্মি ক্যাম্পে। ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর মেজর জলিলকে গ্রেফতার করা হয়। আর বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আসেন ১০ ই জানুয়ারী ১৯৭২ এ।

” মেজর জলিল ১৯৭২ সালের ২ সেপ্টেম্বর তিনি মুক্ত হন এ বন্দিদশা থেকে। এর পরে ১৯৭৪ সালের ১৭ মার্চ দলীয় কর্মীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারী বাসভবন ঘেরাও অভিযানকালে তিনি পুনরায় গ্রেফতার হন। পরে ১৯৭৫ সালের ৮ নভেম্বর মুক্তি লাভ করেন। তত্কালীন সামরিক সরকার তাঁর বিরদ্ধে সরকার উত্খাতের ষড়যন্ত্র এবং অবৈধ পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল প্রচেষ্টার অভিযোগ আনে। তত্কালীন সামরিক সরকার কর্তৃক ২৫ নভেম্বর পুনরায় তিনি গ্রেফতার হন।

বিশেষ সামরিক ট্রাইব্যুনালে তাঁর বিচার করা হয়। ১৯৭৬ সালের ১৮ জুলাই আদালতের দেয়া রায়ে তিনি যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন। তবে ১৯৮০ সালের ২৪ মার্চ তিনি মুক্তি লাভ করেন।বন্দিদশা থেকে মুক্তি লাভের পর মেজর জলিল রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। তাঁর দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় দেখা গেছে, ১৯৭২ সালের অক্টোবর মাসে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি ছিলেন এ দলেন যুগ্ম আহ্বায়ক। ২৬ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং তিনিই ছিলেন জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর নেতৃত্বে জাসদ দেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করেন। সরকার বিরোধী রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয়।

মেজর জলিল ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু কোনো আসনেই তিনি জয়লাভ করতে পারেননি। এছাড়াও জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কৃষক শ্রমিক সমাজবাদী দলের সমন্বয়ে গঠিত ত্রিদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে মেজর জলিল ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৯৮২ সালে ঘাটাইলের (টাঙ্গাইল) আখতারুজ্জামান খান ও মাহমুদা আখতারের তনয়া সায়মার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন মেজর জলিল। মেজর জলিলের দুই মেয়ে সারাহ জলিল ও ফারাহ জলিল। সারাহ আইন পেশায় নিয়োজিত। মেজর জলিলের মৃত্যুর সময় ফারাহ ছিল ৩ মাসের গর্ভে। ফারাহ জলিল আইন বিষয়ে পড়াশুনা করেছেন। মেজর জলিলের স্ত্রী সায়মা জলিল রাজনীতির সাথে জড়িত।

মেজর জলিল ১৯৮৪ সালে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করে জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি দল গঠন করেন এবং এই দলের মাধ্যমে ইসলামী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন। লিবিয়া, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে ইসলামিক সম্মেলনে তিনি যোগ দেন।

লেখক হিসেবে মেজর জলিল উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ছাত্রজীবনেই তাঁর লেখালেখির অভ্যাস ছিল। স্কুল জীবনে তিনি ‘পথের কাঙ্গাল’ ও ‘রীতি’ নামে দুটি উপন্যাস লেখেন। কিন্তু পরে এ পান্ডুলিপি দুটি হারিয়ে যায়। একটু অবসর পেলেই তিনি বই পড়তেন। স্ত্রী ও সন্তানদের সর্বদা বই পড়ার উপদেশ দিতেন। পরবর্তীতে তিনি মূলত রাজনৈতিক বিষয়েই লেখালেখি করেন। মুক্তিযুদ্ধের ওপর লেখা তাঁর বইগুলো ছিল প্রামাণ্য রচনা।

তাঁর রচিত রাজনীতি ও মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ :১। সীমাহীন সমর (১৯৭৬), ২। দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শন, সূর্যোদয় (১৯৮২), ৩। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা (১৯৮৯), ৪। Bangladesh Nationalist Movement for Unity: A Historical Necessity। এছাড়া তিনি বেশকিছু কবিতাও লিখেছেন।

মেজর জলিল তাঁর জীবদ্দশায় রাষ্ট্রীয় কোনো পুরস্কার বা সম্মাননা পাননি। এমনকি রাষ্ট্র কর্তৃক তাঁকে মুক্তিযোদ্ধার খেতাবটি পর্যন্ত দেয়া হয়নি। তবে তাঁর মৃত্যুর পরে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ন অবদানের জন্য মেজর এম এ জলিলের নামে ঢাকা মহানগরীর একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ ছাড়াও বরিশালের উজিরপুরের শিকারপুর ব্রিজটি মেজর জলিলের নামে করা হয়েছে।এ ছাড়া নগরীর কাঁটাবন মোড় থেকে ফুলবাড়িয়া পর্যন্ত সড়কটি এখন থেকে বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল সড়ক নামে পরিচিত হচ্ছে। বরিশাল শহরেও তাঁর নামে একটি সড়কের নামকরণ করা ছাড়াও বরিশালে একটি অডিটোরিয়াম ও তাঁর একটি ভাস্কর্য রয়েছে। এরশাদ সরকার তাঁর পরিবারের জন্য বনানীতে একটি প্লট উপহার দেন। সেখানেই তাঁর স্ত্রী সায়মা জলিল বসবাস করেন।

১৯৮৯ সালের ৫ নভেম্বর একটি ইসলামিক কনফারেন্সে যোগ দিতে মেজর জলিল পাকিস্তান যান। ১০, ১১ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। পাকিস্তানে অবস্থানকালেই পাকিস্তানের ইসলামাবাদে ১৯ নভেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১০টা ৩০ মিনিটে তিনি ইহলোক ত্যাগ করেন।

পরে ২২ নভেম্বর তাঁর মৃতদেহ ঢাকায় আনা হয় এবং সামরিক মর্যাদায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts