| ৩ March ২০২৬ Tuesday ৪:৩৭:৪৫ PM | |
নগর প্রতিনিধি:

বরিশাল বিভাগের ছয় জেলার ২০ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সফল ২০ নারীর হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল বিভাগে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য, সফল জননীসহ মোট ৫টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয়। পুরস্কার পাওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে নিজেদের জীবনের দীর্ঘ লড়াই আর সাফল্যের পেছনের অদম্য গল্প শোনান নারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘সুবিধা বঞ্চিত অবস্থা থেকে উঠে এসে যারা সফল হয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। এই সফল নারীদের গল্প অন্যদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আমাদের সমাজে এখনো নারীদের অবদানকে স্বীকার করা হয় না। তবে বর্তমানে এ অবস্থার ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
পরিবারের প্রতি নারীর ত্যাগ ও সহনশীলতা অতুলনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবারে একজন পুরুষ বাইরের কাজ শেষে ঘরে ফিরে বিশ্রাম নেন। কিন্তু মায়েরা প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও তাদের কোনো অভিযোগ থাকে না।’
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিবের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বিশেষ অতিথির বক্তব্য দেন।
এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, অদম্য নারী, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


