| ৩ March ২০২৬ Tuesday ১২:০১:১৪ AM | |

বরগুনার পাথরঘাটায় তিন মাসের দুগ্ধপোষ্য শিশুকে কোল থেকে ছিনিয়ে নিয়ে এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছগির হোসেন নির্যাতনের বিষয়টি তদারকি করেছেন বলে অভিযোগ রয়েছে।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভুক্তভোগী নারীর কোল থেকে শিশুকে জোরপূর্বক সরিয়ে নিচ্ছেন। পরে কয়েকজন মিলে ওই নারীর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। এ সময় শিশুটি মাটিতে পড়ে কান্নাকাটি করলেও কেউ এগিয়ে আসেননি।
ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করতে দেখা যায় ইউপি চেয়ারম্যান মো. ছগির হোসেনকে।
ভুক্তভোগীর বাবা আব্দুস সালাম অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এক যুবককে তার মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে পরকীয়ার অপবাদ দেওয়া হয়। পরে ছগির হোসেনের নেতৃত্বে তার মেয়ে ও ওই যুবককে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। সাদা স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. ছগির হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নারী ও পুরুষকে বাঁধা অবস্থায় দেখেন। স্থানীয়দের দাবিতে ওই নারীকে জুতাপেটা করা হয়েছে বলে স্বীকার করেন তিনি।
তবে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে মামলা বা হয়রানি এড়াতে এটি নেওয়া হয়েছে।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা জেনেছেন। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

