ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচি থেকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা বন্ধ এবং যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পুরানা পল্টন এলাকায় গিয়ে শেষ হয়।
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) নেতা রাশেদ শাহরিয়ার, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ।


