লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট – DesheBideshe

লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট – DesheBideshe

লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট – DesheBideshe

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ২ মার্চ – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের জন্য ঢাকামুখী লেনে যানবাহন চলাচল সীমিত করায় এই অচলাবস্থার তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। জানা যায়, রবিবার মধ্যরাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে কেবল এক লেন দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে।

এর ফলে যানবাহনের গতি কমে গিয়ে মহাসড়কের বিস্তীর্ণ এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতু এলাকা হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হতে দেখা যায়। ভুক্তভোগী ট্রাকচালক আসাদ মিয়া জানান, তিনি সকাল ৮টার দিকে দাউদকান্দি সেতু পার হওয়ার পর থেকেই যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় একই স্থানে দাঁড়িয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ গণমাধ্যমকে জানান, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে গাড়ির চাপ বেড়েছে। বর্তমানে এক লেন দিয়ে ধীরগতিতে গাড়ি চলছে। আজকের মধ্যে কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।

এস এম/ ২ মার্চ ২০২৬



Explore More Districts