বনানীতে জুমার নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শিশুদের সঙ্গে কুশল বিনিময় – DesheBideshe

বনানীতে জুমার নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শিশুদের সঙ্গে কুশল বিনিময় – DesheBideshe

বনানীতে জুমার নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শিশুদের সঙ্গে কুশল বিনিময় – DesheBideshe

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – রাজধানীর বনানীতে শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটান।

এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জানতে চায় তিনি রোজা রেখেছেন কি না। জবাবে প্রধানমন্ত্রী হাসিমুখে সম্মতি জানান এবং শিশুটির সঙ্গে হাত মেলান। এরপর তিনি উপস্থিত অন্য শিশুদের সঙ্গেও করমর্দন করেন এবং স্নেহভরে তাদের মাথায় হাত বুলিয়ে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মসজিদের নারীদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় শিশুদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নিলে তারা অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে পড়ে।

কথোপকথনের এক পর্যায়ে এক শিশু জানায় সে একটি ছাড়া সব রোজা রেখেছে, যা শুনে প্রধানমন্ত্রী তাকে উৎসাহ দেন। পাশ থেকে আরেক শিশু সবগুলো রোজা রাখার কথা জানালে প্রধানমন্ত্রী তাকেও শাবাশ দেন। শিশুদের সঙ্গ পেয়ে প্রধানমন্ত্রীকে বেশ প্রাণবন্ত দেখা যায়।

পরবর্তীতে সহধর্মিণী জুবাইদা রহমান মসজিদ থেকে বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় জানিয়ে গাড়ির দিকে অগ্রসর হন।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts