চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর বিএনপি কর্মী মো. মুজিবুর রহমান (৫০) গুলি করে হত্যা মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অলিমিয়ার হাট এলাকায় ইফতার পরবর্তী সময়ে প্রকাশ্যে গুলি করে মুজিবুর রহমানকে হত্যা করা হয়।
পুলিশের দাবি ধৃত নাঈম হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি। ঘটনার পর রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলা রুজুর পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর আসামি নাঈমকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন গ্রেপ্তার নাঈম। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



