| ২৭ February ২০২৬ Friday ৪:৩৬:০৯ PM | |
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বলেশ্বর নদী সংলগ্ন জ্ঞানপাড়া বান্দাঘাটা এলাকা থেকে অবৈধ ট্রলিং ট্রলার ও মাছসহ দুই জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে চরদুয়ানী ইউনিয়নের জানপাড়া গ্রামের বান্দাঘাটা খাল থেকে তাদের আটক করা হয়। আটককৃত এফবি আব্দুল্লাহ ট্রলারের মাঝি মাসুদ খলিফা (৪০) ও ট্রলারের মিস্ত্রি মুনসুর মিয়া। তাদের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।
আটকের পর ট্রলারসহ দুই জেলেকে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসার পথে রাত আনুমানিক ১২টার দিকে হ্যান্ডকাফ পরা অবস্থায় মাসুদ মাঝি বিষখালী নদীতে ঝাঁপ দেন। এতে ওই জেলে নিখোঁজ হন। পরে এ ঘটনা শোনার পর ট্রলার মালিক মো. লিটন কোস্টগার্ডের নতুন বাজার বোর্ডপুলে এলে তাকেও কোস্টগার্ড আটক করে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, রাতে বিপুল পরিমাণ মাছ ও ট্রলারসহ মাঝি মাসুদ খলিফা এবং মিস্ত্রি মুনসুরকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।পরে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসার পথে বিষখালী নদীতে হ্যান্ডকাফসহ লাফিয়ে পড়ে। এখন পর্যন্ত নিখোঁজ মাঝির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মাঝি মাসুদ খলিফার স্ত্রী নুপুর বেগম বলেন, রাত ১২টার দিকে কোস্টগার্ডের তিন থেকে চারজন সদস্য বাসায় এসে তল্লাশি চালায় এবং আমার কাছ থেকে ভিডিওতে বক্তব্য নেয়। এ সময় কোস্টগার্ড সদস্যরা স্বামীকে হ্যান্ডকাফ পরানোর কথা বলে পরে চলে যায়।
ওই ট্রলারের অপর জেলে ইয়াছিন মিয়া বলেন, রাত সাড়ে সাতটার দিকে ট্রলারের কাছে এসে মাঝি ও মিস্ত্রিকে আটক করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যরা মাসুদ মাঝির দুই হাত পিছমোড়া করে বেঁধে ট্রলারে তুলে নিয়ে যায়। পরে আমরা শুনি, মাসুদ মাঝি নাকি ট্রলার থেকে লাফিয়ে পড়ে। পিছমোড়া করে বাঁধা অবস্থায় নদীতে লাফ দিলে প্রাণ নিয়ে শঙ্কায় রয়েছে পরিবারের সদস্যরা।
কোস্টগার্ড স্টেশনের বোর্ডপুলে গিয়ে স্টেশন কমান্ডার কমান্ডার কাওছারের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষ করে তিনি বক্তব্য দেবেন।
এদিকে আটক ট্রলার থেকে জব্দ করা প্রায় ২০ মণ মাছ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, কোস্টগার্ডের অভিযানে মাছ, ট্রলার ও দুই জেলেকে আটক করা হয়েছে। মাসুদ খলিফা নামের একজন নদীতে ঝাঁপ দিয়েছেন, এমন খবর পাওয়া গেছে। আটক ট্রলার ও জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


