হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাজের পরই মিলবে অর্থ পানিসম্পদমন্ত্রী – DesheBideshe

হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাজের পরই মিলবে অর্থ পানিসম্পদমন্ত্রী – DesheBideshe

হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাজের পরই মিলবে অর্থ পানিসম্পদমন্ত্রী – DesheBideshe

সুনামগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি – পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হাওরাঞ্চলে আগে বাঁধের কাজ বাস্তবায়ন করতে হবে এবং যারা সঠিকভাবে কাজ সম্পন্ন করবে কেবল তারাই অর্থের নিশ্চয়তা পাবে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রীর মতে কাজের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য।

হাওরের মানুষ অত্যন্ত সচেতন উল্লেখ করে তিনি বলেন বাঁধের কাজে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা এই কাজে সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাঁধ নির্মাণে অনিয়মের কারণে যাতে সরকারের কোনো বদনাম না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে পাহারাদার হিসেবে কাজ করার নির্দেশ দেন।

খাল ও নদী খনন এবং বাঁধ নির্মাণ সরকারের গুরুদায়িত্ব উল্লেখ করে মন্ত্রী জানান যে মন্ত্রণালয়ের মাধ্যমে হাওরের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। নদী ও খাল খননের ধারাবাহিকতা রক্ষা করে যেখানে জরুরি খনন প্রয়োজন সেখানে দ্রুত প্রকল্প গ্রহণ করে কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান যে হাওরের প্রাণ ও প্রকৃতি রক্ষা করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নতুনভাবে উন্নয়ন পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে নতুন সরকার নতুন উদ্যমে এসব কাজ বাস্তবায়ন করবে। পরিদর্শনকালে সুনামগঞ্জের পাঁচটি আসনের চারজন সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় কৃষক ও নেতারা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ ৪ আসনের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ ১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৪ আসনের এমপি অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ ৩ আসনের এমপি কয়ছর এম আহমদ।

এছাড়া জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, নাদির আহমদ, আবুল মনসুর শওকত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল ও বিএনপি নেতা নাসির মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts