ভূমি অফিসে সেবামূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক, কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের – DesheBideshe

ভূমি অফিসে সেবামূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক, কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের – DesheBideshe

ভূমি অফিসে সেবামূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক, কঠোর নির্দেশনা মন্ত্রণালয়ের – DesheBideshe

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এখন থেকে দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবামূল্যের তালিকা সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি অফিসে ৪ ফুট বাই ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে, যেখানে কোন সেবার জন্য কত ফি, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। দেশের সব জেলা প্রশাসককে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামজারির ক্ষেত্রে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকাসহ মোট ১ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপির জন্য ১২০ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। এছাড়া মৌজা ম্যাপের প্রতি শিটের ফি ৫৪৫ টাকা এবং ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা প্রযোজ্য হবে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ লেনদেন করা যাবে না এবং ভূমি উন্নয়ন করসহ সব ফি অনলাইনে পরিশোধ করতে হবে। সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবি করা হলে বা হয়রানির শিকার হলে ১৬১২২ নম্বরে তাৎক্ষণিক অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts