বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কাছে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জেলের নাম শাহাদাত হোছাইন (২৫)। তিনি জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজি পাড়ার মৃত মো. বাদশার ছেলে।
কুতুবদিয়া ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে উপকূলের কাছে একটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। জলদস্যুরা ওই ট্রলারের একজনকে গুলি করে ট্রলারের বিভিন্ন সরঞ্জাম, মাছ ও জাল লুট করে নিয়ে যায়। এরপর ইঞ্জিন বিকল করে ট্রলারটি সাগরে ভাসিয়ে দেয়। সন্ধ্যায় জেলেদের আরেকটি ট্রলার ওই এলাকা দিয়ে গেলে তাঁদের দেখতে পায়। পরে তাঁদের উদ্ধার করে উপকূলে আনা হয়।


