সিলেট নগরে দিনদুপুরে মোটরসাইকেলযোগে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। হাউজিং এস্টেট এলাকায় এক নারীকে লক্ষ্য করে চালানো এই দুঃসাহসিক ছিনতাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।
গত মঙ্গলবার নগরের হাউজিং এস্টেট এলাকার অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজিচালিত একটি অটোরিকশা স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন যুবক অটোরিকশার গতিরোধ করে। মুহূর্তের মধ্যে তারা নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে। আতঙ্কিত নারী চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী স্থানীয় বাসিন্দা। তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা নগদ অর্থ ও চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়। তবে নিরাপত্তাজনিত কারণে তার নাম প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাবেক সিটি কাউন্সিলর ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দিয়েছি। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কমিশনারের সাথেও কথা হয়েছে।”
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন সোর্সের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে, এরা পুলিশের তালিকাভুক্ত পুরোনো অপরাধী নয়। ধারণা করা হচ্ছে, নতুন কোনো অপরাধীচক্র নগরে সক্রিয় হয়েছে। তাদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।”
এর আগে সিলেটে বহিরাগত অপরাধীচক্রের কয়েকজন সদস্য গ্রেপ্তার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সাম্প্রতিক এ ঘটনার পর নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিরাপদে বাসায় ফেরা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের।
নগরবাসীর দাবি, দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, যাতে দিনদুপুরে এমন দুঃসাহসিক অপরাধ আর না ঘটে।

