
পাল্লেকেলে, ২৫ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ড পাকিস্তানের দখলে থাকলেও এবার দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে। ছয়বার শেষ চারে জায়গা করে নেওয়া দলটি এখন খাদের কিনারায়।
গত মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হেরে বিপাকে পড়েছে পাকিস্তান। এই হারের ফলে ইংল্যান্ড যৌথভাবে সর্বাধিক সেমিফাইনাল খেলার কীর্তি গড়েছে।
এখন প্রশ্ন হলো সপ্তমবারের মতো শেষ চারে ওঠার সুযোগ কি পাবে পাকিস্তান? এর জন্য মেলাতে হবে জটিল সব সমীকরণ।
সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। ফলে দুই ম্যাচ শেষে পাকিস্তানের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। এই একমাত্র পয়েন্টটিই তাদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে যদিও সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
পয়েন্ট টেবিলে বর্তমানে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবং নিউজিল্যান্ড ও পাকিস্তান ১ পয়েন্ট করে পেয়েছে। রান রেটে পাকিস্তান বেশ পিছিয়ে রয়েছে। সুপার এইটে পাকিস্তানের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে যা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে।
তবে শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান চাইবে নিউজিল্যান্ড যেন তাদের বাকি দুটি ম্যাচেই ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। এরপর পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তবে তাদের পয়েন্ট হবে ৩ এবং নিউজিল্যান্ডের থাকবে ১।
অন্য একটি সমীকরণে নিউজিল্যান্ড যদি তাদের দুই ম্যাচের একটিতে জেতে এবং অন্যটিতে হারে তবে পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয়ের পয়েন্ট হবে ৩। সেক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকা দলটি পরবর্তী রাউন্ডে যাবে। তবে পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তবে সব সমীকরণ শেষ হয়ে যাবে এবং বাবর আজমদের বিদায় নিশ্চিত হবে।
এছাড়া বৃষ্টি বা ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো জটিল পরিস্থিতিতে দলগুলোর পয়েন্ট সমান হলে রানরেটই হবে চূড়ান্ত নির্ধারক।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



