
পিরোজপুর, ২৪ ফেব্রুয়ারি – পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী মন্তব্য করেছেন যে, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচনটি তাঁর দেখা মতে শ্রেষ্ঠ হয়েছে। তিনি উল্লেখ করেন, সাধারণত নির্বাচন বলতেই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কিন্তু বিস্ময়করভাবে এবার সারা দেশে কোনো রক্তপাতের ঘটনা ঘটেনি। এই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদের যোগ্য বলে অভিহিত করেন। সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ১৯৭১ সালে শোষণহীন, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রায় ২০ বছরই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের মোকাবিলা করতে ব্যয় হয়েছে। ফলে কাঙ্ক্ষিত সেই সুখি-সমৃদ্ধ সমাজ পুরোপুরি বাস্তবে রূপ নেয়নি এবং রাজনৈতিক পথচলায় বারবার হোঁচট খেতে হয়েছে। তবে এবারের নির্বাচনে কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, যা প্রশংসার দাবিদার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



