মার্চে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর – DesheBideshe

মার্চে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর – DesheBideshe

মার্চে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর – DesheBideshe

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই সফরের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, উন্নয়ন অংশীদারত্ব, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র পর্যালোচনা করা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য ধারাবাহিক রাজনৈতিক সমর্থন প্রত্যাশা করেন।

উভয়পক্ষ আশা প্রকাশ করে, সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়েও সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেছেন।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts