কক্সবাজারে এমপির গাড়িবহরের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু – DesheBideshe

কক্সবাজারে এমপির গাড়িবহরের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু – DesheBideshe

কক্সবাজারে এমপির গাড়িবহরের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু – DesheBideshe

কক্সবাজার, ২৩ ফেব্রুয়ারি – কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী সীমান্ত সংলগ্ন বদরখালী এলাকায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় খালেদ বিন ওয়ালিদ নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আট বছর বয়সী শিশুটি ওই এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে এবং স্থানীয় একটি নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কুতুবদিয়া সফর শেষে সড়কপথে মহেশখালী ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে এমপির গাড়িবহর বদরখালী অতিক্রম করার সময় বহরের একটি গাড়ির নিচে চাপা পড়ে শিশু খালেদ। গুরুতর আহত অবস্থায় মা সুমাইয়া তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে ডাম্প ট্রাক ফেলে গাড়িবহরের গতিরোধ করে। তবে সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে আটকে পড়া গাড়িগুলো মুক্ত করা হয়।

এ ঘটনায় শিশুটিকে চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts