সেন্টমার্টিনে কেয়াবন কেটে রিসোর্ট নির্মাণের দায়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। টেকনাফ মডেল থানায় পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মুসাইব ইবনে রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন, সেন্ট মার্টিনের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে কেফায়েত আল্লাহ এবং রিসোর্ট মালিক নুর মোহাম্মদ খান। মামলার এজাহারে বলা হয়, সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য গত কয়েকদিন ধরে বেশ কিছু কেয়া গাছ কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করলে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনার সত্যতা পায়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন জানান, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংস করে কেয়াগাছ কাটার দায়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

