
ওড়িশা, ২২ ফেব্রুয়ারি – বিয়ের আনুষ্ঠানিকতা সেরে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের শিকার হয়েছেন এক নববধূ। ওড়িশার বালাঙ্গির জেলায় রোববার ভোরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
অভিযোগ উঠেছে, কনের প্রাক্তন প্রেমিক দলবল নিয়ে এসে বন্দুক ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল বিয়ের জন্য কান্তামাল এলাকায় গিয়েছিলেন। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে পৌঁছালে একটি দল তাদের গাড়ির গতিরোধ করে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি আরও দুই সহযোগীকে নিয়ে গাড়িটি থামায় এবং বরকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নববধূকে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় বর ও তার সঙ্গীরা ঘটনাস্থলে অসহায় অবস্থায় পড়ে থাকেন।
এ ঘটনার পর ভুক্তভোগী বর তারভা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান যে বন্দুকের মুখে তাকে জিম্মি করে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে।
তারভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিতা কিডো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন দুষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র দেখিয়ে নবদম্পতির পথ আটকায় এবং কনেকে তুলে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা এবং অপহৃত নারীকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬




