দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নগরীর খাতুনগঞ্জসহ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় ১৪টি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকালের এ অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নিজেও উপস্থিত ছিলেন। তিনি পাইকারি থেকে খুচরা সব রকম ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন। পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন।
এ সময় জেলা প্রশাসক বলেন– কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ নেই। অনিয়ম প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঐতিহ্যবাহী খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, উৎসব এলে দাম কমবে–এমন সংস্কৃতি গড়ে তুলতে হবে। অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট বা ভোক্তা হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। এখান থেকে যদি দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়, তবে সারা দেশ তা অনুসরণ করবে। রমজানকে কেন্দ্র করে কোনোভাবেই অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি বা ভোক্তাদের হয়রানি সহ্য করা হবে না। তিনি বলেন, উৎসব আসলে জিনিসপত্রের দাম কমাতে হবে। উৎসবের আনন্দ তখনই অর্থবহ হবে, যখন সমাজের সব শ্রেণির মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবে। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের মূল্যবৃদ্ধির অভিযোগ পাওয়া যায়নি। তিনি ব্যবসায়ীদের ‘ব্লেইম গেম’ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যথাযথ রশিদ দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। পাইকারি বাজার থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির সময় রশিদে বিক্রেতার যোগাযোগ নম্বর সংযুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়, যাতে প্রয়োজনে তা যাচাই করা যায়। জেলা প্রশাসক ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি বা পণ্যের ঘাটতি আছে কি না জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, বাজারে কোনো চাঁদাবাজি বা সরবরাহ ঘাটতি নেই। তাঁদের দাবি, অনেক পণ্যের দাম কমেছে। তবে খুচরা ব্যবসায়ীদের একটি অংশের অভিযোগ, পাইকারি পর্যায়ে কিছু পণ্যের দাম বাড়ায় খুচরা বাজারেও প্রভাব পড়ছে। জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসকের পরিদর্শন শেষ হলে খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন ও বড়পুল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি প্রতিষ্ঠানকে ১৪ টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানজুড়ে এমন বাজার মনিটরিং অব্যাহত থাকবে। জেলা প্রশাসন আরো জানায়, গত এক সপ্তাহে ছোলা, চিনি, তেল ও খেজুরসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। রমজানের আগে চাহিদার তুলনায় বিপুল পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করা হলেও কিছু পণ্য গভীর সমুদ্রে লাইটার জাহাজে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হয়। সরকারের সতর্কবার্তার পর সেসব পণ্য খালাস করা হয়।

