ইতালিকে হারিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অপরাজিত যাত্রা অব্যাহত – DesheBideshe

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অপরাজিত যাত্রা অব্যাহত – DesheBideshe

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অপরাজিত যাত্রা অব্যাহত – DesheBideshe

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি – আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপুটে ফর্ম ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে অপরাজিত থেকেই টুর্নামেন্টের পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছে ক্যারিবীয় দলটি। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির ইনিংস ১৮ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায়। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সূচনাটা অবশ্য সুখকর ছিল না। ব্র্যান্ডন কিং ৬ বলে ৪ রান করে এবং শিমরন হেটমায়ার পাওয়ারপ্লেতে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। ৩১ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজ। এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৬৪ রান।

রোস্টন চেজ ২৫ বলে ২৪ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন শাই হোপ। ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ৭৫ রানের ইনিংসটি দলকে লড়াকু পুঁজি এনে দেয়। শেষদিকে শেরফানে রাদারফোর্ড ১৫ বলে অপরাজিত ২৪ এবং ম্যাথিউ ফোর্ড ৮ বলে ১৬ রান যোগ করলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৬৫ রানে পৌঁছায়।

ইতালির পক্ষে বেন মানেন্তি ও ক্রিশান কালুগামাগে দুটি করে উইকেট লাভ করেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চাপে পড়ে ইতালি। দলটির পক্ষে জেজে স্মাটস ২৭ বলে সর্বোচ্চ ২৪ রান এবং অ্যান্থনি মোসকা ১২ বলে ১৯ রান করেন। গ্রান্ট স্টুয়ার্ট ৭ বলে ১২ রান করলেও অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেননি।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিধ্বংসী হয়ে ওঠেন শামার জোসেফ। তিনি ৪ ওভারে ৩০ রান খরচ করে ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া ম্যাথু ফোর্ড ৩টি, গুডাকেশ মোতি ২টি এবং আকিল হোসেন ১টি করে উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts