যশোরে কাজের মহিলার বিরুদ্ধে ১২ ভরি স্বর্ণালংকার চুরির মামলা

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে ১২ ভরি স্বর্ণালংকার চুরির মামলা

যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া (বিবি রোড) এলাকার একটি বাড়ি থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে কোতয়ালি থানা-এ মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মৃত রুহুল আমিন বিশ্বাসের ছেলে ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। তিনি শহরের আদ্-দ্বীন প্রিন্টার্সে চাকরি করেন। মামলায় বাড়ির ভাড়াটিয়া ও কাজের মহিলা সেলিনা বেগম, তার স্বামী রবিউল ইসলাম জনি এবং ইনতাজুল হকের স্ত্রী আয়েশা বেগমকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাদীর মেয়ে উম্মে ফজিলাতুন নেছা কাজের মহিলা সেলিনা বেগমের সামনে ঘরের আলমারির ভেতর কাপড়ের ভাঁজে রাখা লাল রঙের শপিং ব্যাগে বিভিন্ন ওজনের মোট ১১ ভরি ৫০ আনা স্বর্ণালংকার সংরক্ষণ করেন। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৪৫ হাজার টাকা।

অভিযোগে বলা হয়, ওই দিন কাজের মহিলা হঠাৎ করে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যান। এরপর বাদীর স্ত্রী ও পরিবারের সদস্যরা রাজশাহীতে বেড়াতে যান। ২৭ ডিসেম্বর তারা বাড়িতে ফিরে আসেন এবং ২৮ ডিসেম্বর থেকে সেলিনা বেগম পুনরায় বাসায় কাজ করতে শুরু করেন।

পরবর্তীতে ৪ জানুয়ারি সকাল সোয়া ১০টার দিকে বাদীর মেয়ে আলমারি খুলে দেখেন,কাপড়ের ভাঁজে রাখা স্বর্ণালংকারগুলো নেই। পরে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে পরিবার নিশ্চিত হন যে,আলমারি খুলে কৌশলে স্বর্ণালংকার চুরি করা হয়েছে।

বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে স্থানীয়দের অবহিত করার পর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts