জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর – DesheBideshe

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর – DesheBideshe

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন পক্ষ তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্ট মাসে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর যে ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল, তার নেপথ্য কারিগরদের মধ্যে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক অন্যতম। তারা দুজনই সে সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের দায়িত্বে ছিলেন এবং ইন্টারনেট বন্ধ রাখার মাধ্যমে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

তাজুল ইসলাম আরও উল্লেখ করেন, গণহত্যায় সহায়তার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ ও ষড়যন্ত্র করেছিলেন পলক। মামলার তদন্তে এসব ষড়যন্ত্র ও পরিকল্পনার প্রমাণাদি উঠে এসেছে। প্রসিকিউটরের ভাষ্যমতে, আসামিরা ইন্টারনেট ব্ল্যাকআউটের মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে গণহত্যার খবর আড়াল করার চেষ্টা করেছিলেন এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি অংশ নিয়েছিলেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রসিকিউশনের পক্ষ থেকে এসব বিষয় আদালতের সামনে তুলে ধরা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts