
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সারাদিন রোজা রাখার পর ইফতারের আয়োজনে সবাই চান মুখরোচক ও স্বাস্থ্যকর খাবার। এই সময়ে গতানুগতিক খাবারের বাইরে ভিন্ন স্বাদ আনতে পারলে মন্দ হয় না। ইফতারের পাতে বৈচিত্র্য আনতে রন্ধনশিল্পী সাবরিহা আজরা নিকিতা দিয়েছেন দুটি বিশেষ পদের রেসিপি। এগুলো হলো বাঁধাকপির রোলস ও পটাটো প্যানকেকস। চলুন জেনে নেওয়া যাক এই পদগুলো তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালি।
বাঁধাকপি রোলস তৈরি করতে প্রয়োজন হবে একটি মাঝারি সাইজের বাঁধাকপি, ৫০০ গ্রাম গরুর মাংসের কিমা, একটি পেঁয়াজ, আধা চা চামচ রসুন গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, আধা কাপ বিফ স্টক ও পরিমাণমতো লবণ। প্রথমে একটি আস্ত বাঁধাকপি ৫ থেকে ১০ মিনিট সেদ্ধ করে পাতাগুলো নরম করে নিতে হবে এবং নিচের শক্ত অংশটুকু ফেলে দিতে হবে। এরপর ৫০০ গ্রাম গরুর মাংসের কিমার সঙ্গে ভাজা পেঁয়াজ মিশিয়ে নিন। এতে লবণ, গোলমরিচ ও রসুনের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখাতে হবে। সেদ্ধ করা বাঁধাকপির পাতায় ২ টেবিল চামচ কিমার পুর দিয়ে শক্ত করে রোল করে ভাজ করতে হবে। একটি পাত্রে রোলগুলো সাজিয়ে ওপর দিয়ে টমেটো সস ও বিফ স্টকের মিশ্রণ ঢেলে দিন। এরপর কম আঁচে ১ থেকে দেড় ঘণ্টা দমে রেখে সেদ্ধ করতে হবে। ইফতারে গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু রোল।
অন্যদিকে পটাটো প্যানকেকস তৈরির জন্য লাগবে ৪ কাপ কুচি করা আলু বা প্রায় ৪টি বড় আলু, ১টি হালকা ফেটানো ডিম, ৩ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা চামচ লবণ, সিকি চা চামচ গোলমরিচ ও ভাজার জন্য তেল। প্রথমে কুচি করা আলু ধুয়ে পানি ঝরিয়ে একটি বড় পাত্রে রাখতে হবে। এর সঙ্গে ডিম, ময়দা, পেঁয়াজ, লবণ ও গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি ননস্টিক কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করুন। আলুর মিশ্রণটি প্যানকেকের আকারে তেলে ছেড়ে দিন। দুই পিঠ বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। মুচমুচে ও গরম পটাটো প্যানকেকস ইফতারের টেবিলে পরিবেশন করুন।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬




